প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 20, 2026 ইং
ঈশ্বরগঞ্জে পালিত হলো ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬

জুনাঈদ আল হাবিব
স্টাফ রিপোর্টার
মুহূর্তের মধ্যে আগুন, দুর্ঘটনা কিংবা দুর্যোগ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে। আর সেই সংকটময় মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় দিন-রাত নিরলসভাবে কাজ করে যাওয়া এই অগ্নিযোদ্ধাদের সম্মান জানাতে ঈশ্বরগঞ্জে পালিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।
বুধবার (২০ মে) সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এ উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক প্রদর্শনীর আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। বক্তব্যে তিনি বলেন, যেকোনো দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীদের সাহসিকতা ও মানবিক দায়িত্ববোধ সত্যিই প্রশংসার দাবিদার। নিজেদের নিরাপত্তার কথা না ভেবে তারা মানুষের পাশে দাঁড়ান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল। সঞ্চালনা করেন ফায়ার ফাইটার নাহিদ মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার এসআই রাশেদ মোশাররফ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগকালীন প্রস্তুতি এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, শুধু অগ্নিকাণ্ড নয়, যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় ফায়ার সার্ভিস সর্বদা প্রস্তুত রয়েছে।
© দৈনিক চেতনার কন্ঠ